চাঁদপুরে চিকিৎসকসহ আরও ২ জন করোনায় আক্রান্ত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরে একজন চিকিৎসকসহ আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হলেন ৪ জন। তাদের মধ্যে ৩ জন মতলব উত্তর উপজেলায় আর একজন সদর উপজেলার। এছাড়া জেলায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৮৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৩ জনই নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এছাড়া শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবক মারা যান। তিনি নারায়ণগঞ্জ থেকে তার শ্বশুরবাড়িতে এসেছিলেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় সন্দেহজনকভাবে তারও নমুনা পরীক্ষা করে টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার সকালে তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর দুপুরে ডাক্তারসহ মতলব উত্তর উপজেলার আক্রান্ত ৩ জনকেই ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
