এমপির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায়...
শর্মিলী দাস মিলি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৪:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে সংসদ সদস্যদের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সকল নেতৃবৃন্দর আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী।
রোববার সকালে তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষদের ঘরমুখী রাখতে এবং কর্মহীন মানুষদের খাদ্যাভাব দূর করার লক্ষ্যে দিনরাত নেতাকর্মীদের নিয়ে গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি তার নির্বাচনী এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজে ও দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি সম্প্রতি তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে মিথ্যা তথ্য দিয়েছেন যে, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির কর্মহীন মানুষের পাশে থাকার কার্যক্রম তার চোখে পড়ছে না। বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অসত্য সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় শর্মিলী দাস মিলিকে অবাঞ্চিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।
