ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে নারায়ণগঞ্জফেরত শ্রমিকের শরীরে করোনা, ইউনিয়ন লকডাউন

ঈশ্বরগঞ্জে নারায়ণগঞ্জফেরত শ্রমিকের শরীরে করোনা, ইউনিয়ন লকডাউন
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৫:২৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৬:০৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২২ বছর বয়সী এক নারী পোশাক শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় ওই নারীর বাড়িসহ গোটা ইউনিয়ন লকডাউন করেছে স্থানীয় প্রশাসণ।

ডা. মো. নূরুল হুদা খান জানান, করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল  আঠারবাড়ি ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই পোশাক শ্রমিকের শরীরের নমুনা সংগ্রহ করে। পরে সেটি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে তাতে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

তিনি বলেন, শনাক্ত হওয়া রোগীকে এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে।

করোনায় আক্রান্ত ওই তরুণীর পরিবার জানায়, ৬ মাস ধরে  ওই নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত ৭ এপ্রিল তিনি কর্মস্থল থেকে নিজের বোনের সাথে গ্রামের বাড়িতে আসেন। পরে তিনি জ্বর, গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদল তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জফেরত ওই নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×