ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

এবার মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন

এবার মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন
×

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রোববার উপজেলা দু’টি লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। এর মাধ্যমে বর্তমানে মাদারীপুরের চারটি উপজেলার মধ্যে তিনটি উপজেলাই লকডাউন রয়েছে। এর আগে শিবচর উপজেলা গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছিল।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন। দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কালকিনি ও রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেগুলোর মধ্যে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং নির্দেশনা মোতাবেক দূরত্ব বজায় রেখে বাজারে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি ঘরের বাইরে বের হতে পারবেন না।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে এ পর্যন্ত ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন, সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় একজন করে। সর্বশেষ মাদারীপুর জেলায় আক্রান্ত পাঁচজনের মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা তিনজন।

এদিকে, কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের ডাসার থানার ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চালসহ ডাসার থানা পুলিশ আটক করেছে। এ ছাড়া রাজৈর উপজেলা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

আরও পড়ুন

×