কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন করেন পুলিশ সদস্যরা- সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:২০ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৬:৩৬
ঝিনাইদহ কালীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার রাত ৯ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ বছরের বেশি। তিনি চার পাঁচদিন ধরে ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
রোববার সকালে পরীক্ষার জন্য মৃহদেহের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। এরপর কালীগঞ্জ থানার ওসি মাহফুজুররহমানের নির্দেশে থানার এসআই আবুল খায়ের ১০ জনের একটি টিম নিয়ে ওই গ্রামে গিয়ে লাশ দাফনের ব্যাবস্থা সম্পন্ন করেন।
মারা যাওয়া ব্যক্তির মেয়ের জামাই জানান, তার শ্বশুর চার-পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন। এছাড়া তার সর্দি ও শ্বাসকষ্টও ছিল। শুক্রবার বিকেলে তার বাড়িতে আসেন। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির সাথে থাকা স্বজনদের বরাত দিয়ে বলেন, চারদিন ধরে জ্বর ঠাণ্ডা-কাশিতে ভুগছিলেন ওই ব্যক্তি। শনিবার রাত ৯ টার দিকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
তিনি আরো জানান, হাসপাতাল থেকেই মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে তার করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
