ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৬:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঈশ্বরদীতে আনজেরা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে তার স্বামী, ছেলে ও পুত্রবধূ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আজিবর প্রামাণিক (৫০) ছেলে নূর ইসলাম রানা (২৭) ও রানার স্ত্রী সাদিয়াসহ ৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন নিহত আনজেরার বোন আলেয়া বেগম। পুলিশ এরইমধ্যে পুত্রবধূ সাদিয়াকে গ্রেপ্তার করেছে। তবে স্বামী ও ছেলে পলাতক রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও মামলার লিখিত এজাহার সূত্রে জানা গেছে, আনজেরার নামে জমি তার স্বামী ও ছেলে কয়েক দিন আগে বিক্রি করে দিতে লোক ঠিক করে বাড়িতে নিয়ে আসে। এ সময় জমি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে বাধা দেন আনজেরা খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও ছেলে দু’জন মিলে গত কয়েক দিন ধরে ঝগড়ায় লিপ্ত হয় তার সঙ্গে। এরই জের ধরে ঝগড়া ও বাক-বিতণ্ডার এক পর্যায়ে শনিবার বিকেলে রড ও বাঁশের লাঠি দিয়ে নির্দয়ভাবে আনজেরা খাতুনকে পেটায় তার স্বামী, ছেলে ও ছেলের বউ। একপর্যায়ে আনজেরা জ্ঞান হারিয়ে ফেললে স্বামী ও ছেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুত্রবধূ সাদিয়াকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ওই গৃহবধূকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূ আনজেরাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার সমকালকে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য রোববার পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
