ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যায় মৃত্যুদণ্ড

স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যায় মৃত্যুদণ্ড
×

আদালতে আসামি প্রেমানন্দ ক্ষত্রিয় ওরফে শুভন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১০:১০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১০:১০

জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় প্রেমানন্দ ক্ষত্রিয় ওরফে শুভন এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জে ইয়াসমিন আক্তার নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রেমানন্দ ক্ষত্রিয় ওরফে শুভন। পরে ধর্মান্তরিত হয়ে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই শুভন ইয়াসমিনকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ২০২০ সালের ১ জুলাই রাতে ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে সিলিন্ডার গ্যাসের জলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শুভন। এতে সারা শরীরে আগুন লেগে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই মারা যান তিনি। 

এই ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম মামলা করেন। ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায়, শুভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্রে তারা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন বলেন, ২০২০ সালের ১ জুলাই রাতে ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে সিলিন্ডার গ্যাসের জলন্ত চুলায় ধাক্কা দিয়ে ফেলে দেন শুভন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ঢাকায় মারা যান ইয়াসমিন। সেই মামলার রায়ে  প্রেমানন্দ ওরফে শুভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। 

আরও পড়ুন

×