যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকে কুপিয়ে হত্যা
সাব্বির আহমেদ রাসেল
যশোর অফিস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ২১:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যশোর জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেলকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা রাসেলের ভাই আল-আমিনকেও (৩৪) কুপিয়ে জখম করে। প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকায় নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে।
নিহতের বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেক আলী বলেন, রাতে তিনিসহ তার দু’ছেলে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় নিজবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবুসহ কয়েকজন সেখানে বেপরোয়া চলাফেরা করায় রাসেল তাদেরকে ধমক দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর দুর্বৃত্তরা দলবলসহ ফের সেখানে গিয়ে রাসেল ও আল-আমিনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রাসেল। আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
যশোর জেনালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, আল-আমিনের অবস্থাও সঙ্কটাপন্ন। তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
হতাহতদের বাবা আবু সালেক আলী আরও অভিযোগ করেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের অনুসারী এই দুর্বৃত্ত চক্রটি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে। এ কাজে বাধা দেওয়ায় এর আগে গতবছরের ১২ জুনও তারা রাসেলকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে বোমা হামলা চালিয়েছিল।
স্থানীয় আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম জানান, বুধবার রাতের হামলাকারী দুর্বৃত্তরা সকলেই চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তাদের নির্যাতনে গ্রামবাসী অতিষ্ঠ হওয়ায় পুলিশের কাছে একাধিকবার লিখিত অভিযোগও দেয়া হয়। কিন্তু শীর্ষ এক জনপ্রতিনিধির শেল্টারে থাকায় পুলিশ তাদেরকে ধরে না।
