সিরাজগঞ্জে চাল চুরির অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত
বরখাস্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ২৩:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জে দুঃস্থদের চাল চুরির অভিযোগে রায়গঞ্জের পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুঃস্থদের বরাদ্দ করা সরকারি চাল ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে দীর্ঘদিন থেকে আত্মসাত করা হচ্ছিল।
অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বরাদ দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯’র ৩৪(৪) ধারায় এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, চৌহালী থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে জোতপাড়া বাজারে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৪৩০ কেজি এবং খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরো ৫২০ কেজিসহ মোট ১ হাজার ৯৫০ কেজি চাল জব্দ করা হয়।
ওসি জানান, চাল ব্যবসায়ী আবু বকরকে আটক করা হলেও ইউপি সদস্য রফিকুল পালিয়ে যান।
চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক ওয়াহিদুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চৌহালী থানায় রাতে মামলা করেছেন।
