পটিয়ায় গৃহবধূর শরীরে করোনা, ১৪ বাড়ি লকডাউন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:১১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:০৪
চট্টগ্রামের পটিয়ায় ৪৫ বছর বয়সী এক গৃহবধূর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এ ঘটনায় আক্রান্ত নারীর আশপাশের ১৪ বাড়ি লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, গত সোমবার ওই নারী সর্দি, কাশি ও জ্বর নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা করোনা সন্দেহে ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষার পর তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, করোনা শনাক্তের খবর পেয়ে ওই গৃহবধূর বাড়িসহ আশপাশের ১৪ টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে।
তিনি আরও জানান, লকডাউন হওয়া পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী ১৪ দিন এইসব ঘরের কোন সদস্য এখান থেকে বের হতে বা নতুন কেউ এখানে প্রবেশ করতে পারবেন না। সচেতনতা বাড়াতে এলাকার মসজিদ থেকেও মাইকিংও করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার এক ওমান প্রবাসীর শিশুপুত্রের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশুটি পটিয়ার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিল।
