কোটালীপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০১:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে। তবে তার শ্বশুড় বাড়ি কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে।
আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ডা.সুশান্ত বৈদ্য জানান, কোটালীপাড়ায় করোনা সন্দেহে এ পর্যন্ত ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তিকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। এ ছাড়া তার পরিবারসহ তিনি যাদের সঙ্গে মিশতেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
