ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

হারানো শিশুটি ফিরল বাবা-মায়ের কাছে

হারানো শিশুটি ফিরল বাবা-মায়ের কাছে
×

ফাইল ছবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৩০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৩০

‘একটি মেয়ে পাওয়া গেছে, নাম বলছে সেলিনা। বাবা-মা ঢাকায় থাকেন। চাচা তাকে এখানে ফেলে গেছেন।’ ফেসবুকে এমন একটি পোস্ট নজরে আসে থানা পুলিশ এবং ইউএনও হাসিনা মমতাজের। পরে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর শিশুটির নানাবাড়ির সদস্যদের খোঁজ পেয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। গত সোমবার সন্ধ্যায় জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটিকে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেন।

জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টে কাজ করেন শিশুটির বাবা সেলিম মিয়া ও মা কুলসুম বেগম। বড় মেয়েও বাবা-মার সঙ্গে কাজ করেন। মেজো ও ছোট মেয়ে তাদের ভাড়া বাসায় থাকত। তবে মাঝেমধ্যে বাড়ি থেকে হারিয়ে যেত ছোট মেয়ে সেলিনা খাতুন (৬)। এ কারণে তাকে নানাবাড়ি জীবননগরের গোয়ালপাড়া গ্রামে পাঠিয়ে দেন বাবা-মা। সেখান থেকেই রোববার সন্ধ্যায় হারিয়ে যায় সে। সোমবার সন্ধ্যায় পুলিশ তাকে নতুনপাড়া গ্রাম থেকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামে সেলিনাকে বসে কাঁদতে দেখেন সমির হোসেন নামে এক ব্যক্তি। শিশুটি তার নাম সেলিনা আর বাবার নাম সেলিম মিয়া ছাড়া কিছুই বলতে পারছিল না। এরপর সমির তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সোমবার স্থানীয় কয়েক যুবক ফেসবুকে শিশুটির ছবিসহ পোস্ট করেন। বিষয়টি নজরে এলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পরে ফেসবুকের কমেন্টে শিশুটির অভিভাবকদের সন্ধান পাওয়া যায়।

শিশুটির মামা সোলাইমান মিয়া জানান, সেলিনা বাড়ি থেকে একাই বেরিয়ে গেছে, তিনি ফেলে রেখে আসেননি। সে মানসিকভাবে অসুস্থ। প্রায়ই এভাবে পালিয়ে যায়। গত ২০ আগস্ট বোন কুলসুম ও তাঁর স্বামী সেলিম এসে তাকে রেখে যান। ২৮ আগস্টও সে এভাবে পালিয়ে গিয়েছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বাড়ি ফিরিয়ে আনেন। তবে এ বিষয়ে কথা বলতে মা কুলসুমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

×