শার্টারের তালা ভেঙে দোকান থেকে ১২ লাখ টাকা চুরি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০১ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০১
নারায়ণগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২ লাখ টাকা চুরি গেছে। বুধবার দুপুরে বিষয়টি জানতে পারেন প্রতিষ্ঠানের মালিক। সিসিটিভি ক্যামেরায় মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানে চুরির দৃশ্য ধরা পড়ে।
তৈরি পোশাক কারখানার পণ্য ব্যবসায়ী আমির হোসেন সাগরের মালিকানাধীন প্রতিষ্ঠানটির নাম মোহাম্মদ প্যাকেজিং। শহরের ২ নম্বর রেলগেট এলাকার রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট শপিং মার্কেটের দ্বিতীয় তলায় এর অবস্থান।
আমির হোসেনের ভাষ্য, মঙ্গলবার রাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ লাখ টাকা জমা হয়। তারা বাবাকে সেদিন হাসপাতালে ভর্তি করেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় টাকা বাসায় না নিয়ে ব্যবসায়িক কার্যালয়েই রেখে দেন।
বুধবার দুপুর ১২টার দিকে আমির প্রতিষ্ঠানে চুরির তথ্য পান। তিনি এসে দেখেন, দোকানের শার্টারের তালা ভাঙা। ক্যাশ কাউন্টার থেকে ১২ লাখের বেশি চুরি গেছে। পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, খালি গায়ের একটি ছেলে মুখে গেঞ্জি বেঁধে চুরি করছে। দোকানের ক্যাশ কাউন্টারের ওপরের একটি লোহার ‘ছেনি’ পাওয়া গেছে।
আমিরের অভিযোগ– মার্কেটটির তিনজন নিরাপত্তা কর্মী রয়েছেন। তাদের মধ্যে ফজলুল হক এলোমেলো তথ্য দিচ্ছেন। চুরি করে কীভাবে মার্কেট থেকে বের হয়েছে চোর, তা বুঝতে পারছেন না।
ঘটনাস্থল পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ পুলিশ কাউন্টার টেররিজম বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তারা ঘটনাটির তদন্ত করছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মাহফুজ ইসলাম জানান, তারা চোর ধরার চেষ্টা করছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- চুরি
- সিসিটিভি
