ফরিদপুরে হিমাগার-আড়তে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
হাজী শরিয়াতুল্লাহ বাজারে অভিযান পরিচালনা করা হয় - সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:৫৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:৫৪
আলুর দাম বৃদ্ধির কারসাজি রোধে হিমাগার ও আড়তে অভিযান চালিয়েছে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে ফরিদপুর হিমাগার ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ভোক্তা অধিকার ও জেলা কৃষি বিপণনসহ পুলিশের একটি টিম হিমাগারটিতে আলু সংরক্ষণের বিষয়গুলো পরিদর্শন করে। হিমাগারটিতে আলু মজুদের পরিমাণসহ ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও রসিদ নিয়মিত যাচাই-বাছাই করে।
তিনি বলেন, এদিন আলু বোঝাই একটি পিকআপ চালকের কাছে কোনো ধরনের রসিদ না পাওয়ায় সেটি জব্দ করা হয়। পরে শরিয়াতুল্লাহ বাজারের সেই ব্যবসায়ীকে চিহ্নিত করা হয়। রসিদবিহীন আলু ক্রয়ের অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আলুর বাজার স্বাভাবিক রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে জেলা কৃষি বিপনন অধিপ্তরের সিনিয়র কর্মকর্তা মো: সাহাদাত হোসেন, জেলা পুলিশের একটি টিম ও বাজার কমিটি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফরিদপুরের হিমাগারে ৪৬২ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। ব্যবসায়ী ও মজুদকারীরা হিমাগার থেকে সপ্তাহে তিন দিন বিভিন্ন আড়তে আলু বিক্রি করেন। বুধবার ফরিদপুরের বাজারে আলু পাইকারী কেজি প্রতি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। জেলায় বাজারভেদে খুচরা পর্যায়ে সেই আলু ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
