ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঁধ ভেঙে লোকালয়ে পানি, পানিবন্দি ৩ হাজার পরিবার

বাঁধ ভেঙে লোকালয়ে পানি, পানিবন্দি ৩ হাজার পরিবার
×

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। ছবি: সমকাল

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩২

নওগাঁর চার উপজেলায় গত দু’দিনে বেড়িবাঁধের আট স্থান ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি। এতে অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমনের ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ।

রানীনগরের নান্দাইবাড়ী গ্রামের ছোট যমুনা নদীর পানি বাড়তে থাকায় মঙ্গলবার গভীর রাতে নান্দাইবাড়ী হাফেজিয়া মাদ্রাসা এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। পানির তোড়ে মাদ্রাসার একটি কক্ষের দেয়াল ভেঙে পড়ে। কেষ্টপুর, মালঞ্চি, নান্দাইবাড়ীসহ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এতে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, তিন দিন ধরে পানি বাড়ছে। এলাকার পুকুর ডুবে মাছ ভেসে গেছে। রক্ষা পায়নি জমির ধান, সবজি। কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান জানান, বাঁধ ভেঙে ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

কৃষি কর্মকর্তা ফারজানা হক বলেন, ২০ হেক্টর জমির ধান পানির নিচে। ডুবে গেছে সবজিক্ষেত। ২৩টি পুকুর ডুবে মাছ ভেসে গেছে। এতে অন্তত ২৬ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন মৎস্য কর্মকর্তা শিল্পী রায়।

সকাল সাড়ে ৬টা নাগাদ আত্রাই উপজেলার আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ওই এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোড়ে ভেসে গেছে বলে জানিয়েছেন হাটকালুপাড়ার ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন।

এ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহমেদ জানিয়েছেন, বাঁধ ভেঙে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কৃষি কর্মকর্তা তাপস কুমার জানান, বাঁধ ভেঙে ১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

আত্রাই ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, বাঁধের ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। দুর্গতদের জন্য খাদ্যসহ সার্বিক সহায়তার আবেদন করা হয়েছে জেলা প্রশাসকের কাছে। দ্রুত সহযোগিতা আসবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার সকালে মান্দা উপজেলার আত্রাই নদীর নুরুল্লাবাদ, পার-নুরুল্লাবাদ, কয়ালাবাড়ী ও বাইবুল্যা এলাকার চারটি স্থানে বেড়িবাঁধ ভেড়ে যায়। এতে দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তলিয়ে গেছে এক হাজার হেক্টর জমির ধান। ভেসে গেছে পুকুরের মাছ। একই দিন মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর রঞ্জনতলা এলাকায় বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

আরও পড়ুন

×