খড়ের গাঁদায় লুকানো চালের খবর সাংবাদিকদের জানানোয়...
হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলাম আরিফ -সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৫:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ভিজিডির বিতরণকৃত ২ বস্তা চাল লুকানোর খবর সংবাদকর্মীদের জানানোর অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (২৩) নামে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে জখম করা হয়েছে। ওই শিক্ষার্থীর অভিযোগ, সোমবার রাতে ইউপি সদস্যের স্বামী, ছেলেসহ স্বজনরা তার ওপর এই হামলা চালিয়েছেন।
আহত আরিফ গুড়মা গ্রামের আনসার আলীর ছেলে ও তাড়াশ ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে তাড়াশ থানায় ওই ইউপি সদস্যের স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আনসার আলী।
আরিফ জানান, গত ১৫ এপ্রিল ওই ইউনিয়নের নারী সদস্য দুলু খাতুন ভিজিডির চাল নিয়ে খড়ের গাঁদায় লুকিয়ে রেখেছেন এ রকম একটি তথ্য স্থানীয় সংবাদকর্মীদের ওই গ্রামের কে বা কারা জানায়। এতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়। এ নিয়ে ইউপি সদস্যের স্বামী ও স্বজনরা তাকে দোষারোপ করেন। পরে সোমবার রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যের স্বামী আব্দুর রহমান , ছেলে জুয়েলসহ ৪-৫ জন পথরোধ করেন। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে তারা লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটাতে শুরু কনের। পরে লোকজন এসে আরিফকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য দুলু খাতুনের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
