কলমাকান্দায় মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত
ফাইল ছবি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৬:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় এখন পর্যন্ত করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন।
হাসপাতাল সুত্রে জানা গেছে, আক্রান্ত ওই মেডিকেল টেকনোলজিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পুরাতন ভবনে থাকেন। এর আগে করোনায় আক্রান্ত হন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী(২৮)। তিনি ওই ভবন থেকে ২৫ ফিট দূরে চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারে থাকেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন জানান, শনিবার পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে চিকিৎসক , নার্স, স্টাফসহ মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৩ জনের করোনা পজেটিভ এবং বাকি ২৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি বলেন, সোমবার আরো ৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও বহিঃবিভাগ চালু রেখেছি। পজিটিভ রিপোর্ট আসার পরপরই আক্রান্ত ব্যক্তিদের বাসস্থানকে লকডাউন করে দিয়েছি। আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা দেখে প্রয়োজনে আইসোলেশনে পাঠানো হবে।
