ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ডা. তুষারের বিরুদ্ধে এজাহার

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ডা. তুষারের বিরুদ্ধে এজাহার
×

আব্দুন নূর তুষার -ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৬:১৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগে মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষারের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সদর মডেল থানায় এজাহারটি দাখিল করেন।

এজাহারে ডা. আবদুন নূর তুষার (৫০), রাজিয়া কবির (৩৭) ও রিপন খানের (৪০) নাম উল্লেখ করে এবং ফেসবুকে পোস্ট শেয়ারকারী অজ্ঞাতনামা আরো ৬৩৬ জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, গত ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় ডা. আব্দুন নূর তুষার তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্ট দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেন "আজ ২০-০৪-২০২০ ইং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় করোনা ভাইরাস কোভিড-১৯ পরীক্ষার আরটি পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। সামাজিক দূরত্বের নমুনা দেখুন। পুরো দেশটাই 'বি-বাড়িয়া বলদ বাড়িয়া'।" 

এজহারে অভিযোগ আনা হয়, ডা. তুষার তার পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে জেলার প্রায় ৩২ লাখ মানুষের মনে ক্ষোভ ও উত্তেজনা উস্কে দেন। এই পোস্টের কারণে যে কোনো সময় যে কোনো স্থানে ব্রাহ্মণবাড়িয়ার সন্তানদের বিবাদ ও কলহের সম্মুখীন হওয়ার পথ সুগম করে দিয়েছেন ডা. তুষার। 

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ''ফেসবুকে এমন পোস্টের কারণে জেলাবাসীর মতো আমিও অপমানিত ও মর্মাহত হয়েছি। 'বলদ বাড়িয়া' বলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩২ লাখ মানুষকে অপমান করা হয়েছে। এতে অন্য জেলার মানুষের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।''

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জিডির কথা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

আরও পড়ুন

×