‘আর কত উপবাস থাকব, খাবার দে’
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৭:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন কর্মহীন মানুষরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘আর কত উপবাস থাকব, খাবার দে’- এই শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রমিক লীগ নেতা মো. ইউনুছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে কর্মহীন মানুষরা উপজেলা পরিষদের সামনে এসে বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সৈয়দটুলা গ্রামে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। ফলে অসহায় কর্মহীন মানুষেরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। কারও ঘরে কয়েকদিন ধরে খাবার নেই। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিক লীগ নেতা ইনু মিয়া বলেন, ‘ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হতদরিদ্র মানুষ ও অনেক শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সে জন্য আমরা বিক্ষোভ করেছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমাদের ত্রাণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর আমরা চলে আসি’।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এস.এম মোসা সাংবাদিদের বলেন, ‘ত্রাণের জন্য কেউ বিক্ষোভ করেনি। কেউ তাদেরকে বলেছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না- এরকম গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে আসা হয়’।
