বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৭:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ৪৫ বছর বয়সের ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ওই ব্যক্তির বাড়ি শহরের নিশিন্দারা শৈলালপাড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তার নমুনা সংগ্রহ করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই একই আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন শহরের সাবগ্রাম এলাকার ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। পেশায় চটপটি বিক্রেতা ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৭ এপ্রিল রাতে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে রাত ১০টার দিকে করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল তিনি শহরের চারমাথা এলাকার একটি পেট্রোল পাম্পের কর্মচারী ছিলেন। তিনি বলেন, ‘৪৫ বছর বয়সী ওই ব্যক্তি গত শুক্রবার থেকে জ্বর ও কাশিতে আক্রান্ত হন। মঙ্গলবার তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর বিকেলে তাকে হাসপাতালে আনা হয়। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ব্যক্তির ডায়াবেটিসও ছিল।’
