গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে করোনার চিকিৎসা শুরু বৃহস্পতিবার
ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৮:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রথম দফায় ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ধোয়া মোছার কাজ শেষ হয়েছে। পূর্বে হাসপাতালে ভর্তি থাকা ৮৫ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো ও আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করতে পাঁচ দিন সময় লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে করোনোভাইরাসে আক্রান্ত রোগীদের এ হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।
জানা যায় , গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়।
হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন। প্রস্তুতি শেষ করতে ৫-৬ দিন সময় লেগেছে। চিকিৎসক, নার্সসহ ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে পৃথক একাধিক দল গঠন করা হয়েছে। প্রত্যেকেই হাসপাতালে অবস্থান করে টানা সাত দিন করে সেবা দেবেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে এ হাসপাতালে করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কার্যক্রম শুরু হলে হাসপাতালের ভেতরে অবস্থান করা কোনো চিকিৎসক ও নার্স বাইরে বের হতে পারবেন না, তাই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা ভেতরেই করা হয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত ৮৫ জন রোগী এ হাসপাতালে ভর্তি ছিলেন। পর্যায়ক্রমে তাদেরকে ছুটি ও বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করা হয়েছে। মঙ্গলবার সকালে সর্বশেষ ৬ জন রোগীকে পাঠানো হয়েছে অন্য হাসপাতালে।
গাজীপুরে করোনা রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৬৯ এ দাঁড়িয়েছে। এদের বেশির ভাগই বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, জেলায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তাদের হাসপাতালে নেওয়ার মতো অবস্থা হয়নি। অবস্থার আরো অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।
