রামেক হাসপাতালের ৪২ ডাক্তার-নার্স-কর্মচারী কোয়ারেন্টাইনে
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ১০:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রোগের ইতিহাস গোপন করে রামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। ওই রোগীর সংস্পর্শে আসা ৪২ জন ডাক্তার, নার্স ও কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরমধ্যে ওয়ার্ডের ১৯ জন চিকিৎসক, ১০ জন নার্স, ৮ জন কর্মচারী এবং হাসপাতালে এক্সরে ও আলট্রাসনোগ্রাফি বিভাগের ৫ জন ডাক্তার, নার্স ও কর্মচারী রয়েছেন। তাদের পর্যটন মোটেল, টিচার্স টেনিং কলেজের হোস্টেলসহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত শুক্রবার বাঘা উপজেলার আব্দুস সোবহান (৮০) নামের এক ব্যক্তি প্রশ্রাবের জ্বালা ও জ্বর নিয়ে রামেক হাসপাতালের ৪২ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরে তার এক্সরেতে ফুসফুসে ইনফেকশন পাওয়া যায়। এরপর গত সোমবার তার করোনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। আব্দুস সোবহান চিকিৎসকদের জানান, তিনি গ্রামে গ্রামে কুলা বিক্রি করতেন। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই রোগীর সংস্পর্শে আসা ১৯ জন ডাক্তার, ১০ জন নার্স ও ৮ জন কর্মচারীর শরীরে করোনা ছড়ানোর আশঙ্কায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় কোয়ারেন্টাইনে থাকা ডাক্তার, নার্স ও কর্মচারীদের করোনা পরীক্ষা করা হবে। তাদের মধ্যে যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা আবারো চিকিৎসায় যোগ দেবেন।
এদিকে করোনা পজেটিভ আসা বৃদ্ধ আব্দুস সোবহানকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ড আপাতত বন্ধ রাখা হয়েছে। ওই ওয়ার্ডে থাকা অন্য রোগীদের করোনা পরীক্ষা শেষে আলাদা ওয়ার্ডে পাঠানো হবে। হাসপাতালের অন্য ওয়ার্ডে রোগীদের চিকিৎসা স্বাভাবিকভাবেই চলছে।
