চট্টগ্রামে চাঁদা না পেয়ে পেট্রোলবোমা হামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ১১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নির্মাণাধীন ভবন মালিক থেকে চাঁদা দাবির পর একটি বাড়িতে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার বাসিন্দা নুরুল আক্কাসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বিদেশে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে জানান নুরুল আক্কাস। নগরের চান্দগাঁও হাজীরপুল এলাকায় একটি ভবন নির্মাণ করছিল তাদের পরিবার। গত সোমবার দুবাইয়ে অবস্থানরত আক্কাসের বড় ভাই নুরুল আবসারের কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়।
নুরুল আক্কাস জানান, সন্ত্রাসী ঢাকাইয়া আকবর পরিচয়ে ফোন করে বড় ভাইকে জানায়, সাজ্জাদ ফোন করলে যেন কথা বলেন। সোমবার সন্ধ্যায় এক ঘণ্টা পর ভারতীয় একটি নম্বর থেকে ফোন করে ফ্ল্যাট অথবা এক কোটি টাকা দাবি করা হয়। মঙ্গলবার ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন যুবক এসে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাসিন্দারা অক্ষত আছেন।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, 'নির্মাণাধীন ভবন মালিকের কাছে সাজ্জাদ পরিচয়ে ফোন এসেছিল। এরপর বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
