ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিয়েতে রাজি না হওয়ায় যুবককে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

বিয়েতে রাজি না হওয়ায় যুবককে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ১৪:১০

রাজধানীর পূর্ব রাজাবাজারে পারভেজ হোসেন (২৫) নামে এক যুবককে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃতের স্বজনের অভিযোগ, বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকা ও তার ভাই মিলে পারভেজকে হত্যা করেন। তবে পুলিশ বলছে, এমন কোনো অভিযোগ তারা পায়নি।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী সমকালকে বলেন, পারভেজ স্বেচ্ছায় ওই তরুণীর বাড়িতে যান। তরুণী বিবাহিত। তারা দুজন বাড়ির ছাদে গল্প করার একপর্যায়ে ঘটনাটি ঘটে। মেয়েটির ভাষ্য, তার পরিবারের এক সদস্যকে দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করেন যুবক। তখনই তিনি ছাদ থেকে পড়ে যান। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতের খালাত বোন সোমা মাকসুদ সমকালকে বলেন, কাঁঠালবাগানে পরিবারের সঙ্গে থাকতেন পারভেজ। কিছুদিন ধরে ওই মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বুধবার মেয়েটি ফোন করে তাকে রাজাবাজারের কবরস্থান গলির ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে মেয়েটি ও তার ভাই মিলে পারভেজকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিয়ে করতে রাজি না হওয়ায় তারা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ স্বজনদের। মৃতের বাবার নাম শফিক হোসেন ও মা পারভীন আক্তার।

স্বজনরা দাবি করেন, যুবলীগের কর্মী হিসেবে কাজ করতেন পারভেজ। তবে পুলিশ বলছে, এমন কোনো তথ্য তাদের জানা নেই। পারভেজ পান্থপথের ফুটপাতে প্যান্ট বিক্রি করতেন।

আরও পড়ুন

×