জলঢাকায় ঢাকা ফেরত দুই গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত
ফাইল ছবি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:১৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:০৮
নীলফামারীর জলঢাকায় ঢাকা ফেরত দুই গার্মেন্টস শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এইচ.এম রেজওয়ানুল কবীর।
জলঢাকা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩ জন। তবে প্রথম করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জানা যায়, জলঢাকায় নতুন করে করোনা আক্রান্ত ওই দুই শ্রমিকের মধ্যে একজন নারী (২৪) অন্যজন তরুণ (২০)। এরা উভয়ে সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। তারা দুজনই নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ।
পরিবার জানায়, আক্রান্ত ওই দুইজন ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিল। গত ২৪ এপ্রিল ভোরে তারা বাড়িতে আসেন। ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ওই ২ জনসহ মোট ৪ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে ওই দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ঘটনায় ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।
আক্রান্ত দুই ভাইবোনকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনের ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা রঞ্জিত কুমার বর্মন।
- বিষয় :
- করোনাভাইরাস
- গার্মেন্টস শ্রমিক
- ঢাকা ফেরত
