নওগাঁয় পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ২৩:৪৬
নওগাঁয় আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। পেশায় পল্লী চিকিৎসক ওই ব্যক্তির বয়স ৪২ বছর। তার বাড়ি জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাশপুর কামারডাঙ্গা গ্রামে।
নওগাঁর সিভিল সার্জন ডা. খ ম আখতারুজ্জামান আলাল বুধবার সকালে ওই পল্লী চিকিৎসকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তার বাড়িসহ ওই গ্রামের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় দুইজন করোনা আক্রান্ত হলেন।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, গত ২৫ এপ্রিল ওই পল্লী চিকিৎসক ঢাকায় করোনা আক্রান্ত একজনের চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে আসেন। তার শরীরে জ্বর থাকায় ওই রাতেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরদিন ২৬ এপ্রিল তারসহ চারজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বাকি তিনজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল জানান, রাজশাহী মেডিক্যাল ল্যাবে পাঠানো নমুনার মধ্যে ২৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে সাপাহার উপজেলার ওই ব্যাক্তির করোনা পজেটিভ আর বাকি ২৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা নিশ্চিত হওয়ার পর পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, ‘রাতেই ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। গ্রামের অন্য কেউ তরার সান্নিধ্যে এসেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া করোনা বিস্তার রোধে এলাকায় আরও প্রচার চালানো হচ্ছে।’
জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ বলেন, ‘আক্রান্ত ব্যক্তির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা ও ওই পরিবারকে সবধরনের সহযোগিতা করা হবে।’
এর আগে গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স জেলায় প্রথম করোনাআক্রান্ত হন।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস
- পল্লী চিকিৎসক
- করোনায় আক্রান্ত