ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাদুল্যাপুরে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছে পুলিশ

সাদুল্যাপুরে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছে পুলিশ
×

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৫৭

রমজান মাসের রাত। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁই ছুঁই। এমন সময়ে গাইবান্ধার সাদুল্যাপুর থানার পুলিশ গিয়ে হাজির একজন গণমাধ্যম কর্মীর বাড়িতে। তার মাধ্যমে ডেকে নেওয়া হয় অন্যের বাড়িতে আশ্রিত একজন রিকশা চালককে। করোনা ভাইরাসের কারণে ওই রিকশাচালক বর্তমানে কর্মহীন। ঘুম চোখে উঠে এসে পুলিশের গাড়ি দেখেই হতচকিত ওই রিকশাচালক। পুলিশ বুঝি তাকে ধরতে এসেছে। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন- গ্রেপ্তার নয়, ত্রাণ দিতে এসেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বস্তাভর্তি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয় রিকশা চালকের হাতে। বস্তায় ছিল চাল, ডাল, ডিম, লবণ, আলু, করলা, পটল, বেগুনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

সম্বিত ফিরে পেয়ে রিকশা চালক পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'মনে করেছিলাম কোনো ভুলের কারণে আমাকে বুঝি গ্রেপ্তার করা হবে। তবে ত্রাণ পেয়ে ভালোই হলো। কাজে বের হতে না পারায় খুব কষ্টে দিন চলছিল।'

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে বাড়িতে থাকা অসহায় মানুষের কাছে এভাবেই গভীর রাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে সাদুল্যাপুর থানার পুলিশ। নিজেদের বেতনের টাকায় ত্রাণ সামগ্রী কিনে মঙ্গলবার গভীর রাতে সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, এস.আই শহীদুল ইসলাম, পি.এস.আই শাহজাহান এবং এ.এস.আই জাকিরুল ইসলাম অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ পৌছে দিচ্ছেন। গভীর রাতে পুলিশের এমন অভিযান দেখে মনে হবে কাউকে গ্রেপ্তারে নেমেছে তারা। তবে বাস্তবে তা নয়। জেলার মানবিক পুলিশ সুপার হিসেবে পরিচিত মোহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানান ওসি মাসুদ রানা।

আরও পড়ুন

×