তাহিরপুরে ধানের খলায় আগুন, সংঘর্ষে আহত অর্ধশত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০১:৪৪
সুনামগঞ্জের তাহিরপুরে ধানের খলায় আগুন দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। বুধবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে। আটক হয়েছেন, মাহমুদুল হাসান, মুছাব্বির, রাসেল, হোসেন, সাকিব, খুরশেদ আলী, ডালিম, মুজিবুর, খসরুল, কাশেম, লোকমান, আব্দুছ ছালাম ও মুকাব্বির।
সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন আবুল বাসার, সামছুল ইসলাম, খছরুল মিয়া, টিটন মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর মিয়া, এরশাদ মিয়া, শাফিনুর মিয়া, রুমেনা বেগম, মুছাব্বির মিয়া, আব্দুস ছালাম, নয়ন মিয়া, তারেক মিয়া, জাকির হোসেন, শাহিনুর, ডালিম মিয়া, স্বপন মিয়াসহ অন্তত ৫০ জন। আহত ১৭ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলীর সঙ্গে একই গ্রামের জয়নাল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মঙ্গলবার রাত ১০টায় জয়নাল মিয়ার ধানের খলায় প্রতিপক্ষরা আগুন লাগিয় দেয়। এতে খলা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এলাকাবাসী আরো জানায়, জয়নাল মিয়া গ্রুপের লোকজন শনির হাওরে কৃষিকাজ করে। কপিল উদ্দিন, হাফিজ উদ্দিনরা একই হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
- বিষয় :
- সুনামগঞ্জ