ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বগুড়ায় করোনা রোগী আত্মগোপনে

বগুড়ায় করোনা রোগী আত্মগোপনে
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০১:৫৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০২:৪৫

বগুড়ায় শহরের ফুলতলা এলাকার  করোনা পজিটিভি ৪০ বছর বয়সী এক ব্যক্তি আত্মগোপন করেছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে করোনা পরীক্ষার ফলাফল জানার পর থেকেই তিনি নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছেন। পাশাপাশি আক্রান্ত ওই ব্যক্তির বাড়ির ঠিকানাও কেউ বলতে না পারায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া কিংবা লকডাউনের জন্য তার বাড়িটি শনাক্তও করা যাচ্ছে না।  এদিকে ফুলতলা এলাকাটি শাজাহানপুর উপজেলাধীন হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বিষয়টি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, ফুলতলার ওই বাসিন্দা ঢাকার একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত ১০ এপ্রিল তিনি বগুড়ায় আসেন। তার শরীরে জ্বর এবং কাশি দেখা দেয়ায় পরিবারের সদস্যদের চাপে গত ২৬ এপ্রিল তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। তিনি বলেন, মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পর পরই তার চিকিৎসা নিশ্চিত এবং বাড়ি লকডাউন করতে স্বাস্থ্য দপ্তর, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তার মোবাইল ফোন দেন। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। তিনি আরও বলেন, বুধবার দুপুর পর্যন্ত আক্রান্ত ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।

ডেপুটি সিভিল সার্জন জানান, রিপোর্টে ওই ব্যক্তির বাড়ি ফুলতলা এবং মোবাইল ফোন নম্বর দেওয়া ছিল।

শজিমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল বলেন, শুনেছি নমুনা সংগ্রহের পর থেকে ওই ব্যক্তি ফলাফল জানার জন্য বার বার কলেজের মাইক্রো বায়োলজি বিভাগে যোগাযোগ করেছেন। তবে রিপোর্ট পজিটিভ জানার পর তিনি মোবাইল ফোন বন্ধ রেখেছেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, ওই ব্যক্তির চিকিৎসার পাশাপাশি সংক্রমণ ঠেকানোর জন্য তার বাড়ি লকডাউন করা জরুরি। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ‘নমুনা সংগ্রহের সময় ওই ব্যক্তি স্বাস্থ্য দপ্তরের নির্ধারিত ফরমে যে তথ্যগুলো দিয়েছিলেন সেটি সরবরাহ করতে শহীদ জিয়াউর রহামন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। সেটি পেলে হয়তো তার ঠিকানা আমরা খুঁজে বের করতে পারবো।’

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে বিস্তারিত তথ্য দেওয়া হলে তারা করোনা পজিটিভ ওই ব্যক্তির সন্ধান বের করতে পারতেন। কিন্তু সেটি এখন পর্যন্ত তারা পাননি।

আরও পড়ুন

×