এত বড় সিলভার কার্প!
ছবি: সমকাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০২:১৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:৪৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লঙ্গন নদীতে জেলেদের জালে বিশাল এক সিলভার কার্প মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২০ কেজি। অন্যান্য মাছ এর চেয়ে বড় হলেও সিলভার কার্প মাছ এত বড় হয় বলে জানেন না অনেকেই। বুধবার ভোর রাতে লঙ্গন নদীতে জাল ফেলে চারজন জেলে এ মাছটি ধরেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের চারজন জেলে মজনু মিয়া, তাজুল ইসলাম, লিয়াকত মিয়া ও কাদির মিয়া। তারা দীর্ঘদিন এলাকার বিভিন্ন নদীতে ধরে এক সাথে মাছ ধরেন। প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে মেঘনা নদীতে মাছ ধরতে বের হন তারা। সারা রাত মাছ ধরে কয়েকটি পুঁটি, বোয়াল, টেংরা ও দেশীয় প্রজাতির কিছু মাছ ছাড়া আর কিছুই পায়নি। পরে ভোর রাতে লঙ্গন নদীতে জাল ফেলেন তারা। কিছু সময় অপেক্ষার পর তাদের জালে ধরা পড়ে একটি বিশাল সিলভার কার্প মাছ।
মাছটির ক্রেতা আজিজুর রহমান বলেন, সকালবেলা ঘুম থেকে উঠেই শুনতে পাই লঙ্গন নদীতে একটি বড় মাছ ধরা পড়েছে। প্রথমে ভাবলাম প্রতিদিনই বড় বড় মাছ ধরা পরে। আজ আবার নতুন কি মাছ ধরা পড়ল! পরে নদীর ঘাটে গিয়ে দেখি- চারদিকে মানুষের জটলা। সবাই এই মাছটিকে দেখার জন্য ভিড় করছেন। আমিও এগিয়ে দেখলাম মাছটিকে। সিলভার কার্প এত বড় হয় সেটা জানতাম না।
তিনি জানান, চারজন জেলের মধ্যে মজনু মিয়া নামে এক জেলে টেকানগর নদীর ঘাটে মাছটির দাম তোলেন ১ হাজার টাকা কেজি। কিন্তু করোনাভাইরাসের কারণে মানুষজনের কাছে এখন জমানো টাকা না থাকায় কেউ এত দামে মাছটি কিনতে চায়নি। পরে আস্তে আস্তে মাছটির দাম কমাতে থাকেন জেলেরা। শেষ পর্যন্ত ৪৫০ টাকা কেজি দরে ২০ কেজি ওজনের মাছটি কিনে নেন তিনি।
জেলে মজনু মিয়া সমকালকে জানান, মাছটি বিক্রি করার জন্য ভৈরব নিতে চায় তারা। কিন্তু করোনার কারণে যান চলাচল বন্ধ থাকায় মাছটি নিতে পারেননি। ভৈরব কিংবা আশুগঞ্জ নিতে পারলে মাছটি আরও বেশি দামে বিক্রি করা যেত বলেন তিনি।
নাসিরনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, সিলভার কার্প মাছ ২০ কেজি ওজনের হয় সেটা অবিশ্বাস্য। আমার চাকরি জীবনে ২০ কেজি ওজনের সিলভার কার্প মাছ দেখিনি। তিনি আরও বলেন, এখন বর্ষা মৌসুমের শুরু। নদীতে মাছ ডিম ছাড়তে আসবে। তাই এ সময় ডিমওয়ালা মাছ যেন ধরা না পড়ে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- নাসিরনগর
- লঙ্গন নদী
- সিলভার কার্প