ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০২ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ০২ মে ২০২০ | ১৫:৩৭
ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় শুক্রবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স শেষ বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম খান (২৫) খুন হয়েছেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তৌহিদুলের পরিবার, সহপাঠীসহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুকুরপাড় এলাকায় আদিলের বাসার নিচতলায় মেসের একটি কক্ষে ভাড়া থাকতেন তৌহিদুল। সেহরির আগ মুহূর্তে কিছু দুর্বৃত্ত তাকে রুম থেকে বের করে ওই কক্ষের সামনে বুকে ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ওই বাড়ির ছাদের দরজা খোলা ছিল। কিন্তু বাসার নিচে কলাপসিবল গেট বন্ধ ছিল। দুর্বৃত্তরা ছাদ দিয়ে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। শিগগির খুনি ধরা পড়বে। আলামত সংগ্রহ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় বখাটে, ছিনতাইকারী, নেশাখোর ও চাঁদাবাজরা অবাধে ঘুরে বেড়ায়। তারা মেসের শিক্ষার্থীদের সবসময় উক্ত্যক্ত করে। নেশার টাকা না দেওয়ায় পূর্বশত্রুতার জেরে এ খুন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।