মুন্সীগঞ্জে গুলিতে নৌকার সমর্থক নিহত
ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১১:০৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ | ১১:১৯
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম নামের এক নৌকার সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, ভোরে মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহাগ জানান, গুলিবিদ্ধ ডালিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। একজনের শরীরে ক্ষত ছিল। তবে তা কিসের ক্ষত তা জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
