ফরিদপুর-১ আসন
ঈগলের পক্ষে ৮ চেয়ারম্যান, নৌকাডুবির শঙ্কা
ফাইল ফটো
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ১৬:২৬
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। নিজেদের পক্ষ ভারী করতে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত প্রার্থীরা। এ আসনে নৌকা প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আরিফুল রহমান দোলনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে তিন উপজেলার আট ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে ঈগলের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছেন। নির্বাচনে নৌকা ডোবাতে দোলনের পক্ষে মাঠে নেমেছেন তারা।
ঈগলের প্রার্থীকে সমর্থন জানানো আট ইউপি চেয়ারম্যানের সবাই আওয়ামী লীগ ঘরানার। তবে তাদের মধ্যে একজন বাদে বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এসব চেয়ারম্যান হলেনু বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউনিয়নের মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী সদর ইউনিয়নের আব্দুল হক, রূপাপাত ইউনিয়নের মিজানুর রহমান সোনা মিয়া, ঘোষপুর ইউনিয়নের ইমরান হোসেন নবাব, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের আব্দুল ওহাব পান্নু, বানা ইউনিয়নের শরীফ হারুন অর রশিদ (হারুন শরীফ) ও মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ওয়ালিদ হাসান মামুন। এসব ইউপি চেয়ারম্যান গত ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়ে পাননি। পরে নৌকার প্রার্থীকে হারিয়ে নিজ নিজ ইউনিয়নে বিজয়ী হন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কামাল আহমেদ।
সোমবার চতুল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী দোলনের সঙ্গে বৈঠক শেষে ঈগল প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মিজানুর রহমান সোনা মিয়া, আব্দুল হক, ইমরান হোসেন নবাব ও কামাল আহমেদ। এর আগে ঈগলের পক্ষে মাঠে নামেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু ও হারুন শরীফ। সব শেষ গত মঙ্গলবার মধুখালীর কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন ঈগলের পক্ষে মাঠে নামার ঘোষণা দেন।
এ বিষয়ে বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সমকালকে বলেন, মূলত নৌকা প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ থেকেই তারা (আট ইউপি চেয়ারম্যান) ঈগলের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব বলেন, দোলনের সঙ্গে বৈঠকের পর তাঁর পক্ষে তিনি কাজ করতে সম্মত হয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেননি।
ফরিদপুর-১ আসনে নৌকার আব্দুর রহমান ও ঈগলের প্রার্থী আরিফুর রহমান দোলন ছাড়াও আলোচনায় আছেন তৃণমূল বিএনপির (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। এ আসনের তিন উপজেলার ২৭টি ইউনিয়ন ও তিন পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৯৬৫।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- ফরিদপুর-১
