ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নলডাঙ্গায় আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

নলডাঙ্গায় আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম
×

ইউসুফ আলী টুটুল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:০১

নাটোরের নলডাঙ্গায় ইউসুফ আলী টুটুল (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। 

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।

জখম অবস্থায় ইউসুফকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। অন্যদিকে আহতের পরিবারের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতার ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। 

আহত ইউসুফ উপজেলার ধামনপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানায়,সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয় মাঠে  ইউসুফ বসেছিলেন। এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে  টুটুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দাবি করেন, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মীর লোকমান হাকিমের তিন ছেলে ও তার দুই ভাতিজাসহ তাদের লোকজন ইউসুবের ওপর অর্তকিতে হামলা চালায়।

এ ব্যাপারে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মীর লোকমান হাকিম বলেন, ঘটনার সময় নশরতপুর গ্রামে ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত ছিলাম। গ্রামে এসে ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে অনেকের মুখ থেকে শুনেছেন, কারা মেরেছে কেউ চিনতে পারেনি। দুর্বৃত্তরা অন্ধকারে এসে ইউসুফকে মেরে চলে যায়। তবে তার সঙ্গে আমাদের পূর্ব বিরোধ রয়েছে সত্য। তবে তার ওপর হামলা করার বিষয়ে আমার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটি রাজনৈতিক চক্রান্ত। 

এ ঘটনায় ইউসুফের স্ত্রী মিনা বেগম জানান, তিনি নিজে বাদী হয়ে নলডাঙ্গা থানায় ২৬/২৭ জনকে আসামি করে লিখিত এজাহার দাখিলের প্রস্তুতি নিয়েছেন। 

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্ত্রীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হামলাকারীদের শনাক্তসহ গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×