আর্জেন্টিনা-মিশরের খেলা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল এনসিপি নেতার
ফায়াজ তাজরিয়ান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:৫৭
বন্ধুদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফায়াজ তাজরিয়ান (২৬)। মঙ্গলবার রাতে নগরীর শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ফায়াজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে বুধবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে হাটহাজারীতে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ফায়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তার বাবা হাকিম উদ্দিন হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে কাজীর দেউরী এলাকায় খেলা দেখতে যাচ্ছিলেন ফায়াজ। তখন নগরীতে ভারী বৃষ্টি হচ্ছিল। বিদ্যুৎ না থাকায় ফ্লাইওভারের বাতিগুলোও নিভে ছিল। অন্ধকারে সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটি দেখতে না পেরে তিনি সেটির পেছনে ধাক্কা দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ফ্লাইওভারে বিকল একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফায়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।