মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ আরও ২ জন করোনায় আক্রান্ত
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:১৯
টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাকদুসা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এ উপজেলার করোনায় আক্রান্ত হলেন পাঁচজন। এর মধ্যে এক নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নতুন আক্রান্তদের একজন উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের এক স্বাস্থ্যকর্মী। আরেকজনের বাড়ি আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানান, গতকাল সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ২৪৮ জনের করোনা নেগেটিভ এবং ৫ জনের পজিটিভ এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।