খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:৩৫
খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাদের মৃত্যু হয়।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মো. আনসার (৫০) নামে এক রোগীকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে।
তিনি জানান, শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কবীর আহম্মেদ (৭০) নামে এক রোগী হাসপাতালে ভর্তি হয়। বেলা তিনটার দিকে তিনি মারা গেছেন। তিনি ৪-৫ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই গ্রামে।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরও বলেন, মারা যাওয়া ব্যক্তিরা করোনা আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।