সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:৫৫ | আপডেট: ০৫ মে ২০২০ | ০৪:২৬
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাহতাব উদ্দিন তালুকদার নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ২টার দিকে শহরের মহিলা কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহতাব উদ্দিন তালুকদার সুনামগঞ্জের স্থানীয় দৈনিক 'হাওরাঞ্চলের কথা'র সম্পাদক এবং এসএ টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
সোমবার রাত ১১টার দিকে ধর্মপাশার সেলবরস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনিয়ার হোসেন খান পাঠান সাংবাদিক মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন।
মামলায় এজাহরে উল্লেখ করা হয়, মাহতাব উদ্দিন তার ফেসবুক আইডি থেকে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) আসনের সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন- এমন মিথ্যা গুজব ছড়িয়ে তার সম্মানহানি করেছেন।
সাংবাদিক মাহতাবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় মাহতাব উদ্দিন তালুকদারকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তার হওয়ার আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিক মাহতাব উদ্দিন এই প্রতিবেদককে জানান, তার ফেসবুক আইডিটি সন্ধ্যা ৭টার দিকে হ্যাক হয়েছে। পুলিশকে তিনি বিষয়টি জানিয়েছেন। তিনি জিডি করতে চাচ্ছেন । কিন্তু সুনামগঞ্জ সদর থানা পুলিশ ওই সময় পর্যন্ত জিডি গ্রহণ করেনি বলে দাবি করেছিলেন মাহতাব।