কর্ণফুলীতে প্রাইভেটকারে মিলল ৮০ হাজার ইয়াবা, আটক ২
ইয়াবাসহ আটককৃতরা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ২০:৫৬ | আপডেট: ০৫ মে ২০২০ | ২১:১৯
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশের আগে পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সাবেক সেনা সদস্য আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক মো. রাসেল (৩৫)। তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা এলাকায়। এদের মধ্যে আশরাফুজ্জামান চাকরিতে থাকাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০১৯ সালে বাহিনী থেকে চাকরিচ্যূত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুজ্জামান পুলিশকে জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আরেফিন জুয়েল সমকালকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে দক্ষিণ চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও বের হওয়ার উপর কড়াকড়ি আছে। এটা জেনে তারা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৮০ হাজার ইয়াবা নিয়ে নগরীর ওপর দিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ দেখে আমাদের ফোর্স তল্লাশি চালালে বেরিয়ে আসে ৮০ হাজার ইয়াবার চালান।’