এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ২১:৩২
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্সে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে নতুন এ প্রোগ্রাম পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ও কর্মমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরি করে দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের জন্য উপযোগী জনশক্তি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস, সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি গবেষণা, আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ থাকবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্তমানে আইএসইউতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন এবং জনস্বাস্থ্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি, শিক্ষা কার্যক্রম ও অন্যান্য তথ্য জানতে আইএসইউর ওয়েবসাইট অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- বিষয় :
- এআই
- শিক্ষা
- বিশ্ববিদ্যালয়