যবিপ্রবিতে আরও ১৩ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ০৫ মে ২০২০ | ২৩:৪৭ | আপডেট: ০৫ মে ২০২০ | ২৩:৫৯
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় চার জেলায় নতুন করে আরও ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার যবিপ্রবি ল্যাবে এই চার জেলার ৫৯টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এর মধ্যে যশোরে একজন, ঝিনাইদহে ছয়জন ও চুয়াডাঙ্গায় পাঁচজন ও মেহেরপুরে একজন শনাক্ত হয়েছে। বাকি ৪৬টির ফলাফল নেগেটিভ।
বুধবার সকালে এ ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবি’র জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৯ জন যশোরে শনাক্ত।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১৩ তম দিনে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ২৩টি নমুনা পরীক্ষায় একজন, ঝিনাইদহের ১৫টি নমুনায় ৬ জন, চুয়াডাঙ্গার ৫টি নমুনার ৫টিই এবং মেহেরপুরের ১৬টি নমুনা পরীক্ষায় একজন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে।
এখন পর্যন্ত ঝিনাইদহে ৩৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ১২জন করে, কুষ্টিয়ায় ৪ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হলো। যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।