সোনারগাঁয়ে ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০১:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলা থেকে মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সেখান থেকে ৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের মধ্যে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একজন আনসার সদস্য, সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার চরলাল এলাকার স্বামী-স্ত্রী ও শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় একজন রয়েছেন। এ নিয়ে সোনারগাঁয়ে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৪৩। এদের মধ্যে দু'জন মারা গেছেন।
এদিকে সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া গ্রামের প্রথম করোনা রোগী আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।
বর্তমানে সোনারগাঁ উপজেলার মধ্যে বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আস্তে আস্তে বিভিন্ন ইউনিয়নে এ রোগের সংক্রামণ বাড়ছে।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। শম্ভুপুরা ইউনিয়নে ১৪।
এছাড়াও কাঁচপুর ও মোগরাপাড়া ইউনিয়নে তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। সোনারগাঁ পৌর এলাকায় ২ জন। তবে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে একজন করে মারা গেছেন।
ডা. পলাশ কুমার সাহা জানান, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে। এদুটি ইউনিয়নে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আশঙ্কাজনকভাবে সোনারগাঁওয়ে করোনা রোগী বাড়ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।