ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁ-২ আসনে ভোটারদের ভোটকেন্দ্রে আসার পরিবেশ আছে: ইসি সচিব

নওগাঁ-২ আসনে ভোটারদের ভোটকেন্দ্রে আসার পরিবেশ আছে: ইসি সচিব
×

বক্তব্যরত নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ছবি: সমকাল

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:২২

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘নওগাঁ-২ আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে আসতে পারে তার পরিবেশ এই আসনে রয়েছে।’ নওগাঁর ধামইরহাটে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার আয়োজনে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা’র সভাপতিত্বে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা  মো. দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মমিন, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, ওসি বাহাউদ্দিন ফারুকী, নির্বাচন অফিসার আনিছুর রহমানসহ ৫৩ জন প্রিজাইডিং ও সকল সহকারী প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন ও নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।

আরও পড়ুন

×