গজারিয়ায় নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ১৩ মে ২০২০ | ১০:২৯
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দুইজন জনপ্রতিনিধি, একজন কর্মকর্তাসহ মোট সাতজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা মোট ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয় সূত্র জানায়, সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ৬০ জনের নমুনা নেওয়া হয়েছিল। বুধবার তাদের মধ্যে প্রথম দফায় চারজন ও স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজনসহ সাতজনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হলো।
১০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন ও একজন বহিরাগত শ্রমিকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে উপ-সহকারী মেডিকেল অফিসার মো. লিয়াকত হোসেন ও ব্যাংক কর্মচারী আবদুস সাত্তার মোল্লা ও গৃহিনী সানোয়ারা বেগম সুস্থ হয়ে ফিরেছেন।
স্থানীয় স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের খুব বেশি জরুরি না হলে হাসপাতালে না গিয়ে টেলিমেডিসিন সেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী।