মানিকগঞ্জ করোনা আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু
ফাইল ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালের দিকে এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। হাসপাতালটির তত্ববাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর তার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা বৃহস্পতিবার জানা যাবে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ধর্মীয় বিধিবিধান মেনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ দাফন করা হবে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মানিকগঞ্জে এনিয়ে ৮ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এরমধ্যে মানিকগঞ্জ সদরে ৪ জন, ঘিওরে ২ জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ২ জন রয়েছেন। তবে ইতিপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানায় স্বাস্থ্য বিভাগ।