পটিয়ায় করোনায় একজনের মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ১০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রামক ব্যধি হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালে আনার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
৫৮ বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপাড়া গ্রামে। তিনি নগরের চাকতাই চালের মিলে চাকরি করতেন।
মারা যাওয়া ব্যক্তির মেয়ে জানান, বুধবার সকালে তার বাবার করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। তার করোনায় সংক্রমিত হওয়ার উৎস পাওয়া যায়নি।
তিনি জানান, চট্টগ্রাম ফৌজদারহাট সংক্রমক ব্যাধি হাসপাতালের অধীনে তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তার বাবা। বুধবার তাকে আইডি হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে রিলিজ দেওয়া হয়। পরে সন্ধ্য্যার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, করোনা আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মোতাবেক দাহ করা হচ্ছে। ওই এলাকাটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।