ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রাইম হাসপাতালে র‌্যাবের অভিযান: ১০ দালালের কারাদণ্ড, মালিককে জরিমানা

প্রাইম হাসপাতালে র‌্যাবের অভিযান:  ১০ দালালের কারাদণ্ড,  মালিককে জরিমানা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ১০:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর কলেজগেট এলাকার প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যসহ ১১ জনকে কারা ও অর্থদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অভিযান। পরে আটক ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর হাসপাতালটির মালিক আবদুর রাজ্জাককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত অপর ১০ জন হলেন- বাবুল হোসেন, আকাশ, দুলাল, কামাল হোসেন, জাকির হোসেন, মোকাররম হোসেন, দুধ মিয়া, মোবারক খাঁ, বিল্লাল ওরফে পিচ্চি বিল্লাল ও ফারুক হোসেন। তাদের মধ্যে চারজনকে ছয় মাস ও ছয়জনকে তিনমাস করে কারাদণ্ড দেওয়া হয়। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সরকারি হাসপাতালে যাওয়া রোগীদের ভালো চিকিৎসার কথা বলে ও নানা প্রলোভন দেখিয়ে প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যেত দালাল চক্র। এরপর চিকিৎসার নামে রোগীদের জিম্মি করে রেখে বিপুল পরিমাণ টাকা আদায় করত তারা। বুধবারও এক রোগীর অস্ত্রোপচার করেছে হাসপাতালটির একজন ভুয়া চিকিৎসক। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, প্রাইম হাসপাতালসহ ওই এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে দালাল সিন্ডিকেট রয়েছে। তারা জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতাল থেকে রোগীদের নিয়ে আসত। সাধারণ রোগীরা তাদের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে আসছিলেন। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এ অভিযান চালানো হয়।



আরও পড়ুন

×