কাপ্তাই হ্রদের মৎস্যজীবীদের জন্য ৮৯০ মে.টন চাল বরাদ্দ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২০ | ০৫:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকায় মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মৎস্যজীবীদের জন্য ৮৮৯.৯৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০ উপজেলায় ২২ হাজার ২৪৯টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো- রাঙামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ির মহালছড়ি ও দিঘীনালা।
এ বরাদ্দের আওতায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে মে-জুন দুই মাস ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল প্রদান করা হবে। বুধবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এ ভিজিএফ চাল ১০ জুনের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ চাল দেওয়া যাবে না মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা রয়েছে।
প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে।