খুলনায় পাটের গুদামে আগুন, ১০ লাখ টাকার পাট ছাই
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ মে ২০২০ | ০৬:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনায় একটি পাটের গুদামে আগুন লেগে ১০ লাখ টাকার কাঁচাপাট পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনী খেয়াঘাট সংলগ্ন আবদুস সাত্তারের পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবদুস সাত্তারের পাটের গুদামে রহস্যজনকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিঘলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোডাউনের মালিক আবদুস সাত্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ আমার গোডাউনে আগুন লাগিয়েছে। আমার গোডাউনে ৯০০ মণ কাটিং পাট ছিল ও গোডাউনসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কাইমুজ্জামান বলেন, গোডাউনটিতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। তাই ঘটনাটি রহস্যজনক।
তিনি বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া দু’লক্ষাধিক টাকার কাঁচা পাট উদ্ধার করা হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।
দিঘলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।