কর্ণফুলীতে গার্মেন্টস কর্মী দম্পতির শিশু সন্তান করোনায় আক্রান্ত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২০ | ২০:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৫নং ওয়ার্ডের মরহুম নোয়াব আলী মেম্বার বাড়ির এক ভাড়াটিয়ার ৯ বছরের শিশুর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
কর্ণফুলী থানার এসআই জাহিদুল ইসলাম আরমান জানান, শিশুটির বয়স-০৯।করোনা আক্রান্ত শিশুর মা বাবা দুজনেই গার্মেন্টস কর্মী। তারা দুজনেই স্থানীয় ডিভাইন গ্রুপ (ফ্যাক্টরি) ও বেলামি টেক্সটাইল লিমিটেডের শ্রমিক। স্থানীয়রা ধারণা করছেন মা বাবার কাছ থেকে শিশুটি কোভিড-১৯ এ আক্রান্ত হতে পারেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে শিশুটি অসুস্থতা অনুভব করলে নগরীর এক হাসপাতালে ভর্তি করা হয়। ওখানেই তার নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। শুক্রবার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় শিশুটির করোনা পজেটিভ আসে।
এদিকে রাতেই শনাক্ত হওয়া রোগির ভাড়া বাসাটি উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও পুলিশ বিভাগের লোকজন স্বাস্থ্যবিধি মেনে লকডাউন করেছেন। রোগী বর্তমানে নিজ বাসায় রয়েছে। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে নগরীতে স্থানান্তর করা হবে।
প্রসঙ্গত, কর্ণফুলীতে এ পর্যন্ত ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।